অডিটোরিয়ামের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়ামের রান্নাঘরের পাশ থেকে রুমন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২৬ জুন) দুপুরে অডিটোরিয়ামের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন।
খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি উদ্ধার করে।
নিহত রুমন পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দানদিঘী এলাকার মৃত তৈয়বুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এই এলাকায় যাতায়াত করতেন বলে জানা গেছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দুপুরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে অডিটোরিয়ামের রান্নাঘরের পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের জন্য মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু, তা নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআইএল/সকালবেলা
|