প্রবাসী কর্মীদের জন্য বড় সুখবর দিল সৌদি আরব

প্রকাশ: বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ণ
প্রবাসী কর্মীদের জন্য বড় সুখবর দিল সৌদি আরব

অনলাইন ডেস্ক: সৌদি আরবে কর্মরত দক্ষ প্রবাসী কর্মীদের জন্য এক বড় স্বস্তির খবর দিয়েছে দেশটির সরকার। এখন থেকে দেশটিতে নিজ কাজের ভিসা (ওয়ার্ক ভিসা) প্রসেসিং পুরোপুরি শেষ হওয়ার আগেই দক্ষ বিদেশি কর্মীরা তাঁদের পরিবারের যোগ্য সদস্যদের সৌদি আরবে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করতে পারবেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে নতুন এই নীতিমালার ঘোষণা দেয়। গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আন্তর্জাতিক প্রতিভা ও উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীদের আকৃষ্ট করতে এবং তাঁদের পরিবারসহ সৌদি আরবে বসবাস সহজতর করতেই এই পদক্ষেপ নিয়েছে দেশটি।

নতুন প্রকাশিত নিয়ম অনুযায়ী, একজন যোগ্য উচ্চ দক্ষ প্রবাসী কর্মী তাঁর স্বামী বা স্ত্রী, ২৫ বছর বা তার কম বয়সী পুত্রসন্তান এবং অবিবাহিত কন্যাসন্তানদের সৌদি আরবে নিয়ে আসার আবেদন করতে পারবেন।

পূর্বে প্রবাসী কর্মীকে নিজে সৌদি আরবে এসে পৌঁছানো, কাজের ভিসা সম্পূর্ণ হওয়া এবং রেসিডেন্স পারমিট (আকামা) হাতে পাওয়ার পর পরিবারের সদস্যদের ভিসার জন্য দীর্ঘমেয়াদী আবেদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো। তবে নতুন নিয়মে কর্মসংস্থান ভিসার (ওয়ার্ক ভিসা) আবেদন চলাকালীনই আবেদনের সমস্ত শর্ত সাপেক্ষে পরিবারের সদস্যদের জন্য সৌদি আরবে প্রবেশের ভিসা (এন্ট্রি ভিসা) ইস্যু করা যাবে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ সমন্বয়ের মাধ্যমে এই যুগান্তকারী উদ্যোগটি বাস্তবায়ন করা হচ্ছে।

সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, পরিবারের সদস্যরা এন্ট্রি ভিসায় সৌদি আরবে এসে পৌঁছানোর পর, দেশটির প্রচলিত আইন ও নিয়মাবলি মেনে তাঁদের চূড়ান্ত রেসিডেন্স পারমিট বা ‘আকামা’ প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ভিসা প্রক্রিয়ার জটিলতা কমায় এই উদ্যোগ সৌদি আরবে প্রবাসী কর্মীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও পারিবারিক স্থিতিশীলতা বজায় রাখতে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।