প্রেমিকার বাবার মামলায় যুবকের যাবজ্জীবন: জামালপুরে রায়ের প্রতিবাদে মানববন্ধন

প্রেমিকার বাবার মামলায় যুবকের যাবজ্জীবন: জামালপুরে রায়ের প্রতিবাদে মানববন্ধন

ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে প্রেমিকার বাবার দায়ের করা অপহরণ মামলায় প্রেমিক যুবক আপেল মিয়ার যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের প্রতিবাদে এবং তাঁর মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সামনে এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, মেলান্দহ উপজেলার ছবিলাপুর এলাকার বাসিন্দা আপেল মিয়া ও নাবিলা একই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। প্রতিবেশী হওয়ায় তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্বজনদের দাবি, ২০২১ সালে তাঁরা স্বেচ্ছায় পালিয়ে গিয়ে বিয়ে করেন। তবে কয়েকদিন পর মেয়ের বাবা লাল মিয়া তাঁদের ধরে এনে আপেলকে মারধর করেন এবং তাঁর বিরুদ্ধে অপহরণ মামলা করেন। ওই মামলায় পুলিশ আপেলকে গ্রেপ্তার করলে কিছুদিন কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পান। এদিকে নাবিলাকে তাঁর পরিবার অন্যত্র বিয়ে দিয়ে দেয়।

দীর্ঘ পাঁচ বছর বিচার প্রক্রিয়া শেষে গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আদালত আপেল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার আদেশ দেন। এই রায় প্রত্যাখ্যান করে আপেলের সহপাঠীরা অভিযোগ করেন, এটি একটি নিছক প্রেমঘটিত বিষয় হলেও প্রভাব খাটিয়ে একে অপহরণ মামলা হিসেবে সাজানো হয়েছে। তাঁরা অবিলম্বে আপেলের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

সাজাপ্রাপ্ত যুবকের খালা ইসরাত জাহান অনন্যা দাবি করেন, "উভয়ের সম্মতিতে বিয়ে হলেও পরে জোরপূর্বক তালাক নেওয়া হয়। এমনকি আমাদের পরিবারকে এলাকা থেকে উচ্ছেদ করে মারধর করা হয়েছে। আমরা এই অন্যায্য রায় মানি না।" তিনি উল্টো মেয়ের বাবা লাল মিয়ার বিচার দাবি করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আসামির উপস্থিতিতে এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। রায়ে আপেল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। রায়ের পর থেকেই এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন