বড়াইগ্রামে অটোরিকশা চাপায় স্কুলছাত্র নিহত

বড়াইগ্রামে অটোরিকশা চাপায় স্কুলছাত্র নিহত

মোল্লা মো: আরিফুল ইসলাম, নাটোর: নাটোরে স্কুলে যাওয়ার পথে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় আবদুর রহিম (৭) নামে এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টার দিকে বড়াইগ্রাম উপজেলার দিঘইর কুমিল্লাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুর রহিম স্থানীয় জোনাইল প্রি-ক্যাডেট স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী এবং কুমিল্লাপাড়া গ্রামের শাহ আলমের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে প্রতিদিনের মতো স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় রহিম। দিঘইর কুমিল্লাপাড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক অটোরিকশাটি জব্দ করেছে। তবে দুর্ঘটনার পর চালক দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে তাৎক্ষণিক আটক করা সম্ভব হয়নি। পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

সকালে হাসিমুখে স্কুলে বের হওয়া শিশু রহিমের এমন আকস্মিক মৃত্যুতে পুরো দিঘইর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। স্থানীয় বাসিন্দারা মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া গতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন