ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: কুড়িগ্রামের বিশিষ্ট ভাষা সৈনিক ও জ্যেষ্ঠ আইনজীবী আবদুল করিম সরকার আর নেই।
শনিবার (১৮ এপ্রিল) ভোর রাতে কুড়িগ্রাম শহরের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
মরহুমের পরিবার ও সহকর্মীরা জানান, ছাত্রজীবনে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে কুড়িগ্রামে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছিলেন আবদুল করিম সরকার। রাজপথে মিছিল-মিটিংয়ে সরাসরি অংশগ্রহণের কারণে তৎকালীন পাকিস্তান সরকার তাঁর বিরুদ্ধে হুলিয়া জারি করে। পরিস্থিতি বিবেচনায় তাঁকে দীর্ঘ সময় আত্মগোপনে থাকতে হয়েছিল।
কর্মজীবনের শুরুতে তিনি খাদ্য বিভাগে যোগ দিলেও পরবর্তীকালে স্বাধীনচেতা এই মানুষটি আইন পেশাকে বেছে নেন। আমৃত্যু তিনি সফলতার সাথে আইন পেশায় নিয়োজিত ছিলেন। পেশাগত জীবনের বাইরে তিনি সক্রিয় রাজনীতিতেও যুক্ত ছিলেন। এক সময় জাকের পার্টির জেলা সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।
আইন পেশার পাশাপাশি সাহিত্যচর্চাতেও তাঁর বিশেষ অনুরাগ ছিল। ষাটের দশকে তাঁর দুটি গ্রন্থ প্রকাশিত হয়, যা স্থানীয় সাহিত্যাঙ্গনে বেশ সমাদৃত হয়েছিল। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে কুড়িগ্রাম জেলা বারের আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।
শনিবার সকাল ১১টায় কুড়িগ্রাম কালেক্টরেট ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কুড়িগ্রাম কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে কুড়িগ্রাম প্রেস ক্লাবসহ জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ