গাঁজা-সিএনজিসহ দুই যুবক আটক

গাঁজা-সিএনজিসহ দুই যুবক আটক

হাবিবুল্লাহ্ সরকার, সুন্দরগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। 

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামে গাইবান্ধা-রংপুর আঞ্চলিক মহাসড়কের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুর রহমানের ‘ছ মিল’ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে একটি টিম বিকেল ৪টার দিকে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসাদুল ইসলাম (২৯) ও ঈসা খান (৩৫) নামের দুই যুবককে আটক করা হয়। পরবর্তীতে অটোরিকশাটি তল্লাশি করে প্লাস্টিকের বস্তায় সুকৌশলে রাখা ৮ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

আটক আসাদুল ইসলাম রংপুর জেলার পীরগাছা উপজেলার আদম সবুজপাড়া গ্রামের জাহের আলীর ছেলে এবং ঈসা খান গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার শ্রীরামপুর মিয়ার বাজার গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন