মাগুরায় মন্দির থেকে মালামাল চুরির অভিযোগ
এম এ রইচ (মহম্মদপুর, মাগুরা প্রতিনিধি): মাগুরার মহম্মদপুর উপজেলার বাজার রাধানগর গ্রামে একটি কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (১১ নভেম্বর) গভীর রাতে অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপন চক্রবর্তীর বাড়ির মন্দিরের দরজার তালা ভেঙে দুর্বৃত্তরা এই চুরি করে। এ ঘটনায় বৃন্দাবন থেকে আনা গিরিধারী পাথর ও স্বর্ণালংকারসহ প্রায় তিন লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে জানিয়েছেন মন্দিরটির মালিক স্বপন চক্রবর্তী।
খবর পেয়ে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রি এবং মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. শামীম আহমেদ পৃথকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ সময় সাংবাদিকদের ওসি শামীম আহমেদ জানান, চুরির ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করা হবে। এদিকে মন্দির চুরির এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এআইএল/সকালবেলা