দাগনভূঞায় ১০ সদস্যকে জিম্মি করে ২০ ভরি স্বর্ণালংকার লুট
এম. জহিরুল হক মিলন (ফেনী প্রতিনিধি): ফেনীর দাগনভূঞায় ভোররাতে একটি বাড়িতে হানা দিয়ে পরিবারের ১০ সদস্যকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ঘরের আলমারি ভেঙে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে মুখোশধারী ডাকাত দল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে উপজেলার জয়লস্কর ইউনিয়নের উত্তর বারাইগুনী মোল্লাঘাটা বাজারসংলগ্ন এনায়েত উল্লাহ ওরফে এনায়েত চেয়ারম্যানের বাড়িতে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ভোররাতে ১০ থেকে ১২ জনের একদল মুখোশধারী ডাকাত দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। তারা ছুরি ও কিরিচসহ দেশীয় অস্ত্রের মুখে বাড়িতে থাকা নারী, পুরুষ ও শিশুসহ ১০ সদস্যকে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে। পরে ঘরের আলমারি ভেঙে সেখানে রক্ষিত আনুমানিক ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুটে নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি ডাকাতি নাকি চুরির ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআইএল/সকালবেলা