কাউকে ‘না’ বলার পর অপরাধবোধ গ্রাস করে? জেনে নিন মুক্তির উপায়
অনলাইন ডেস্কঃ কর্মক্ষেত্র কিংবা ব্যক্তিগত জীবনে অনেকেই অন্যদের সরাসরি ‘না’ বলতে পারেন না। সামর্থ্য না থাকলেও বা অতিরিক্ত ব্যস্ততা সত্ত্বেও কেবল অন্যের মন রক্ষার্থে তারা নানা দায়িত্ব কাঁধে তুলে নেন। কিন্তু শেষমেষ প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে কিংবা কোনো কারণে অপারগতা প্রকাশ করলে অপরাধবোধ বা গিল্টি ফিলিংয়ে ভোগেন। অনেকেই তখন নিজেই নিজেকে দোষী মনে করতে শুরু করেন।
মূলত নিজের প্রয়োজনীয়তা ও ব্যক্তিগত সীমানার চেয়ে অন্যের মন জুগিয়ে চলা বা কাউকে নিরাশ করার ভয় আমাদের অনেক সময় নিজের ভালো ভুলে যেতে বাধ্য করে। তবে মনোবিদদের মতে, এই মানসিকতার ফলে নিজের মনের ওপর অযথা চাপ ও বোঝা বাড়ে।
মানুষ সামাজিক জীব। তাই অন্য কাউকে হতাশ করার চিন্তাটাই অনেকের পক্ষে মেনে নেওয়া কঠিন হয়ে দাঁড়ায়। এর পেছনে মূলত কয়েকটি মনস্তাত্ত্বিক কারণ রয়েছে:প্রত্যাখ্যান বা দ্বন্দ্বের ভয়: বহু মানুষ মনে করেন ‘না’ বললে অপর ব্যক্তির কাছে তাঁরা স্বার্থপর প্রতিপন্ন হবেন কিংবা পারস্পরিক সম্পর্কের অবনতি ঘটবে।‘ভালো মানুষ’ হওয়ার অদৃশ্য চাপ: সমাজ বা পারিপার্শ্বিক ধারণা অনুযায়ী ভালো মানুষ মানেই সবসময় অন্যের উপকারে নিজেকে নিয়োজিত রাখা। এই ভ্রান্ত ধারণাই মানুষকে নিজের সীমা লঙ্ঘন করতে বাধ্য করে। অন্যের ক্ষোভকে নিজের ভুল ভাবা: কেউ আপনার সিদ্ধান্ত শুনে অখুশি হলে, অনেকেই সেই হতাশাকে নিজের কোনো বড় ভুল বলে ধরে নেন। অথচ সঠিক কারণ থাকার পরেও এই অস্বস্তি কেবল নতুন অভ্যাসের অভাব ছাড়া আর কিছু নয়।
এই মানসিক চাপ ও অপরাধবোধ থেকে বেরিয়ে আসার জন্য কিছু সহজ কৌশল অবলম্বন করতে পারেন: ১. সময় নিন: কাউকে কোনো কথা দেওয়ার আগে একটু ভাবুন। সঙ্গে সঙ্গে ‘হ্যাঁ’ না বলে কিছুটা সময় নিন এবং ভাবুন কাজটি করার জন্য আপনার হাতে পর্যাপ্ত সময় বা মানসিক ইচ্ছা রয়েছে কি না।২. নম্র ও সংক্ষিপ্ত হোন: কাউকে ‘না’ বলার সময় অতিরিক্ত ব্যাখ্যা বা সাফাই গাওয়ার প্রয়োজন নেই। সহজ ও বিনয়ীভাবে বলতে পারেন, “আমি দুঃখিত, এই মুহূর্তে কাজটি আমি নিতে পারছি না।” ৩. নিজের মূল্যায়ন করুন: নিজেকে প্রশ্ন করুন, “আমি কি আসলেই কোনো ভুল করেছি, নাকি অন্য কেউ হতাশ হতে পারে ভেবে আমার খারাপ লাগছে?” ৪. বাউন্ডারি সেট করুন: নিজের পছন্দ প্রকাশ করুন, অতিরিক্ত কোনো দায়িত্ব না নেওয়া কিংবা সিদ্ধান্ত জানানোর আগে স্পষ্ট সীমানা বা ‘বাউন্ডারি’ তৈরি করে নিন। ৫. সবাইকে খুশি করা অসম্ভব—এটি মানুন: সবাই আপনার সঙ্গে একমত হবে না, এটাই স্বাভাবিক। অন্য কারও সাময়িক অসন্তোষ মানেই এই নয় যে আপনি অন্যায় কিছু করেছেন।
সব পরিস্থিতিতে মুখের ওপর ‘না’ বলা হয়তো প্রথম দিকে কঠিন মনে হতে পারে। তবে সততার সঙ্গে সিদ্ধান্ত নিলে একদিন সবকিছু সহজ হতে বাধ্য। আর যদি এই অপরাধবোধ আপনার দৈনন্দিন জীবন, কাজ বা সম্পর্ক মারাত্মকভাবে প্রভাবিত করে, তবে পেশাদার কোনো কাউন্সেলারের সাহায্য নিতে দ্বিধা করবেন না।