ফ্যাসিস্টের স্বার্থে সহিংসতার পথ পরিহারের আহ্বান মাওলানা ত্বহা মাহমুদের
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতার মোহে অন্ধ হয়ে যারা দীর্ঘদিন সাধারণ মানুষের ওপর জুলুম চালিয়েছে, তাদের শীর্ষ নেতারা নিরাপদ আশ্রয়ে বসে কলকাঠি নাড়লেও মাঠপর্যায়ের কর্মীরা বিনা কারণে মামলার বোঝা ও কারাভোগের শিকার হচ্ছেন বলে মন্তব্য করেছেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের যুগ্ম সদস্য সচিব মাওলানা ত্বহা মাহমুদ।
ফ্যাসিবাদের দোসরদের প্ররোচনায় পা না দিয়ে নেতাকর্মীদের সহিংসতার পথ ছেড়ে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
ফেসবুক পোস্টে মাওলানা ত্বহা মাহমুদ লেখেন, “ক্ষমতার মোহে অন্ধ হয়ে যেই দল এতদিন সাধারণ মানুষের ওপর জুলুম চালিয়েছে, তাদের সেই নেতারা নিরাপদ আশ্রয়ে বসে কলকাঠি নাড়ছে। মাঠপর্যায়ের কর্মীরা সেই হাওয়ায় স্বপ্ন দেখে বেড়াচ্ছে। বন্ধু-স্বজন মামলার বোঝা আর কারাগারের অন্ধকারে জীবন নষ্ট করছে। অন্যের রাজনৈতিক হিসাব মেলাতে গিয়ে নিজ পরিবার ও ভবিষ্যৎ ধ্বংস করার কোনো মানে হয় না।”
মাঠপর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও লেখেন, “যে পলাতক ফ্যাসিস্ট নিজের রাজনৈতিক হিসাব মেলাতে দেশের মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়েছে, তার স্বার্থের বলি হয়ে অগ্নিসন্ত্রাস করে জেলে পচে লাভ কী? মানুষ হিসেবে আপনাদের বলব, তওবা করুন; মানুষ মারার রাজনীতি ও সহিংসতার পথ ছেড়ে দেশের স্বার্থে সুস্থ ধারায় ফিরে আসুন। সময় এখনো শেষ হয়ে যায়নি! সংঘাতের পথ পরিহার করুন। মাতৃভূমির সার্বভৌমত্ব ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য ফ্যাসিবাদীর দোসরদের না বলুন।”
এআইএল/সকালবেলা