৫ বছর পর পর্দায় ফিরছে ‘মিরাক্কেল’
বিনোদন ডেস্কঃ দীর্ঘ পাঁচ বছর ধরে ছোটপর্দায় অনুপস্থিত থাকার পর আবারও নতুন আয়োজন ও চমক নিয়ে ফিরতে যাচ্ছে ভারতীয় বাংলা ভাষার তুমুল জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মিরাক্কেল’। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই পর্দায় শুরু হতে পারে অনুষ্ঠানটির নতুন মৌসুম।
একসময় দুই বাংলার দর্শকদের নির্মল হাসিতে মাতিয়ে রাখা ‘মিরাক্কেল’-এর সঞ্চালনায় ছিলেন মীর আফসার আলী। তাঁর বুদ্ধিদীপ্ত উপস্থাপনা, অনবদ্য বাচনভঙ্গি ও তাৎক্ষণিক রসিকতা অনুষ্ঠানটিকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছিল এবং টিআরপির তালিকাতেও শীর্ষে ছিল শোটি। এই মঞ্চ থেকেই পরিচিতি পেয়েছেন অসংখ্য প্রতিভাবান কৌতুকশিল্পী, যারা পরবর্তীকালে শোবিজ অঙ্গনে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছেন।
দীর্ঘদিন অনুষ্ঠানটি বন্ধ থাকায় দুই বাংলার দর্শকদের মধ্যেই নতুন মৌসুমের জন্য তীব্র অপেক্ষা তৈরি হয়েছিল। এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে নতুন মৌসুমের একটি আনুষ্ঠানিক প্রোমো। ঘোষণার পর থেকেই অনুষ্ঠানটি ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা যাচ্ছে।
নতুন এই আয়োজনে শুধু ভারত নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিভাবান কমেডি শিল্পীদের অডিশনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রাথমিক বাছাইপর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে শুরু হবে মূল পর্ব। সেখানে নিজেদের প্রতিভা, অভিনয় ও সূক্ষ্ম রসবোধ দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা।
অনুষ্ঠানটির পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী বছরের ফেব্রুয়ারিতেই ছোটপর্দায় ফিরবে ‘মিরাক্কেল’। তবে নতুন মৌসুমে সঞ্চালক বা বিচারকের আসনে কারা থাকবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত আলোচনা চলছে এবং শিগগিরই তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।