শ্রীপুরে শ্রমিকবাহী বাসের ধাক্কায় আহত ১২

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ণ
শ্রীপুরে শ্রমিকবাহী বাসের ধাক্কায় আহত ১২

মহিউদ্দিন আহমেদ (বিশেষ প্রতিবেদক, গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবাহী একটি বাস সড়কের পাশের একটি বাড়িতে ধাক্কা দিয়েছে। এতে বাসচালকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় চালকের একটি পা ভেঙে গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উপজেলার জৈনাবাজার-শৈলাট আঞ্চলিক সড়কের গাজীপুর ইউনিয়নের ভূতুলিয়া এলাকায় ইবনে সিনা হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী এলাকার টি এম টেক্সটাইল মিলের শ্রমিকবাহী বাসটি শ্রীপুরের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৪২ জন শ্রমিক নিয়ে কারখানার দিকে যাচ্ছিল। বাসটি ভূতুলিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ এর অ্যাক্সিলারেটর ভেঙে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের একটি বাড়িতে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় বাসের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালকসহ ১০ থেকে ১২ জন শ্রমিক আহত হন। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

মাওনা চকপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মনিবুর রহমান বলেন, অ্যাক্সিলারেটর ভেঙে যাওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বাড়িতে ধাক্কা দেয়। এতে চালকের একটি পা ভেঙে গেছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। এ বিষয়ে টি এম টেক্সটাইল মিল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এআইএল/সকালবেলা