দিনাজপুরে রমজানের শুরুতেই চড়া বাজার: নাভিশ্বাস ক্রেতাদের

দিনাজপুরে রমজানের শুরুতেই চড়া বাজার: নাভিশ্বাস ক্রেতাদের

তাজুল ইসলাম, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: পবিত্র রমজানের প্রথম দিন থেকেই দিনাজপুরের নিত্যপণ্যের বাজারে আগুন লেগেছে। বিশেষ করে ইফতারি ও সেহরির জন্য প্রয়োজনীয় সবজির দাম আকাশচুম্বী হওয়ায় সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস উঠছে। ক্রেতারা এই অস্বাভাবিক দাম বৃদ্ধির জন্য সিন্ডিকেটকে দায়ী করলেও বিক্রেতাদের দাবি—অতিরিক্ত চাহিদা ও সরবরাহের ঘাটতিই এর মূল কারণ।

শনিবার দিনাজপুরের বিরল বাজার সরেজমিনে ঘুরে দেখা গেছে, মাত্র দুই দিনের ব্যবধানে সবজির দাম বহুগুণ বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে লেবুর দাম। প্রতি হালিতে ৫০ থেকে ৬০ টাকা বেড়ে বর্তমানে মানভেদে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮৫ টাকায়। এছাড়া প্রতি কেজি শসা ও খিরা ১০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। বেগুনের বাজারও চড়া, যা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজিতে। পেঁয়াজ, আদা ও রসুনের দামও কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে তেল, চিনি, ছোলা ও ডালের দাম আগের মতোই স্থিতিশীল রয়েছে।

সাধারণ ক্রেতাদের অভিযোগ, রমজান এলেই অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেয়। বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর তদারকি ও নিয়মিত অভিযানের দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে বিক্রেতারা বলছেন, এখন লেবুর মৌসুম না হওয়ায় যোগান কম, কিন্তু ইফতারের কারণে চাহিদা অনেক বেশি হওয়ায় দাম নিয়ন্ত্রণে থাকছে না।

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কাজ করছে স্থানীয় প্রশাসন। বিরল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ জানান, অসাধু ব্যবসায়ীরা যাতে দাম বাড়াতে না পারে সেজন্য লিফলেট বিতরণ ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। এরপরেও যদি কেউ অসৎ উদ্দেশ্যে দাম বাড়ায়, তবে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে সাধারণ জনগণকে স্বস্তি দিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে একটি বিশেষ বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখান থেকে ডিম, দুধ, লেবু ও বেগুন সুলভ মূল্যে বিক্রি করা হচ্ছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন