ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলায় মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে বিরোধের জেরে মসজিদে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে ফজরের নামাজ মসজিদের বাইরে পড়তে হয়েছে মুসল্লিদের। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পেচিবাড়ি জামে মসজিদে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোরে সাহরি শেষে ফজরের নামাজ পড়তে মুসল্লিরা মসজিদে গিয়ে দেখেন প্রধান ফটকে তালা ঝুলছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও চাবি না পাওয়ায় বাধ্য হয়ে মুসল্লিরা মসজিদের বাইরেই নামাজ আদায় করেন। পরে দুপুরের দিকে সদর থানা পুলিশ, ইসলামিক ফাউন্ডেশন ও মসজিদ কমিটির উপস্থিতিতে তালা ভেঙে পুনরায় নামাজের ব্যবস্থা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর জামায়াত সমর্থিত আব্দুল হাইকে মসজিদের ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে তাঁর কেরাত নিয়ে গ্রামবাসীর একটি অংশের আপত্তি ছিল। বাগবাটি ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও স্বেচ্ছাসেবক দলের সদস্য মোকাদ্দেস আলী অভিযোগ করেন, গ্রামবাসীর ইচ্ছায় তারাবির নামাজের জন্য নতুন ইমাম নিয়োগের প্রস্তাব দিলে জামায়াত সমর্থিত কমিটি তাতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে গত কয়েকদিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনাও ঘটে। তাদের দাবি, বিরোধের জেরে জামায়াত সমর্থিতরাই মসজিদে তালা মেরেছে।
মসজিদ কমিটির সেক্রেটারি ও জামায়াত সমর্থক মো. রফিকুল ইসলাম মসজিদে তালা দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, "কে তালা দিয়েছে তা আমি জানি না। ইমামের কেরাত নিয়ে আপত্তির কারণে তাঁকে বাদ দেওয়া হয়েছে।" অন্যদিকে, বাগবাটি ইউনিয়ন জামায়াতের আমির মো. ছানোয়ার হোসেন বিষয়টিকে দলীয় রূপ না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এটি গ্রামের অভ্যন্তরীণ বিষয় এবং মসজিদে তালা দেওয়ার ঘটনাটি নিন্দনীয়। স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে বসে দ্রুত এর সমাধান করা হবে।
সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শফিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা খুলে মুসল্লিদের নামাজের ব্যবস্থা করে দিয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ