বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার
সাঈদ পান্থ, বরিশাল: বরিশালের কালিজিরা নদী থেকে নিখোঁজের তিন দিন পর নাজমুল মোল্লা (২২) নামের এক অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
আজ সোমবার (১৫ জুন) সকালে নদীর তেমাথা এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। দুপুর নাগাদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।
নিহত নাজমুল মোল্লা বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিণফুলিয়া-জাগুয়া এলাকার বাসিন্দা আব্দুর রশিদ মোল্লার ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার (১৩ জুন) প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে উপার্জনের উদ্দেশ্যে বাসা থেকে বের হন নাজমুল। তবে গভীর রাত হয়ে গেলেও তিনি আর বাড়িতে ফিরে আসেননি। স্বজনেরা তাঁর ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। এরপর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে গতকাল রবিবার (১৪ জুন) পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করা হয়।
আজ সোমবার সকাল ৭টার দিকে কালিজিরা নদীর তেমাথা এলাকায় স্থানীয় লোকজন নদীতে একটি সন্দেহভাজন প্লাস্টিকের বস্তা ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে নদী থেকে বস্তাটি উদ্ধার করে। বস্তা খুলতেই ভেতর থেকে হাত-পা বাঁধা ও কাঁথা দিয়ে পেঁচানো অবস্থায় নাজমুলের মরদেহ বেরিয়ে আসে। খবর পেয়ে পরিবারের সদস্যরা থানায় গিয়ে নাজমুলের লাশ শনাক্ত করেন।
হত্যাকাণ্ডের নৃশংসতার বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম সকালবেলা-কে বলেন, “লাশের ধরন এবং সুরতহাল প্রতিবেদন দেখে প্রাথমিকভাবে স্পষ্ট যে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘাতকেরা তাঁকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে লাশ কাঁথা দিয়ে পেঁচিয়ে বস্তাবন্দি করে নদীতে ফেলে দেয়। তাঁর অটোরিকশাটি নিখোঁজ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই কোনো চক্র এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।”
ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অপরাধীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।
এআইএল/সকালবেলা
|