ইসলামী ব্যাংকের লেনদেন স্বাভাবিক রাখার আশ্বাস নতুন প্রশাসকের

প্রকাশ: সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের লেনদেন স্বাভাবিক রাখার আশ্বাস নতুন প্রশাসকের
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ জহির হোসেন। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: দেশের বৃহত্তম শরিয়াহ-ভিত্তিক ঋণদাতা প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রাতিষ্ঠানিক সুশাসন শক্তিশালীকরণ এবং জনগণের আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ শুরু হয়েছে। ব্যাংকটির জন্য একটি সম্পূর্ণ নিরপেক্ষ বোর্ড গঠনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ জহির হোসেন। 

সোমবার (১৫ জুন) দুপুরে ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

প্রশাসক মোহাম্মদ জহির হোসেন বলেন, বাংলাদেশ ব্যাংক তাঁকে একটি সীমিত সময়ের জন্য এই প্রশাসনিক দায়িত্ব দিয়েছে। এই অন্তর্বর্তীকালীন সময়ে একটি নিরপেক্ষ বোর্ড গঠন করাই তাঁর অন্যতম প্রধান অগ্রাধিকার। তিনি বলেন, “আমরা ইসলামী ব্যাংকের জন্য একটি সম্পূর্ণ নিরপেক্ষ বোর্ড গঠন করতে চাই। এই পদক্ষেপের লক্ষ্য ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা।”

গ্রাহকদের উদ্দেশ্যে প্রশাসক বলেন, কোনো ধরনের দ্বিধাবোধ ছাড়াই সবাই তাঁদের ব্যাংকিং কার্যক্রম ও লেনদেন চালিয়ে যেতে পারবেন। সমস্ত কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলবে। ব্যবস্থাপনায় সাম্প্রতিক পরিবর্তনের কারণে আমানতকারী ও গ্রাহকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, “পেছনে তাকানোর কোনো সুযোগ নেই।”

এর আগে, গত রবিবার (১৪ জুন) আমানতকারী এবং সাধারণ জনগণের স্বার্থ রক্ষার্থে ‘ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১’ এর বিধান অনুযায়ী ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। একই আইনের ৪৭(৩) ধারা অনুযায়ী, অন্তর্বর্তীকালীন সময়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে বোর্ডের সমস্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য প্রশাসক নিয়োগ করা হয়।

এদিকে ব্যাংকটির তারল্য পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে আরেকটি বিশেষ পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই দিনে (১৪ জুন) ইসলামী ব্যাংকের জন্য ২ হাজার ৫০০ কোটি টাকার একটি বিশেষ ঋণ অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল প্রতিষ্ঠানটিকে চলমান তারল্য সংকট মোকাবিলা করতে এবং ব্যাংকিং সেবা নির্বিঘ্ন রাখতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন