আলজেরিয়া ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে আসছেন স্কালোনি

প্রকাশ: সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ণ
আলজেরিয়া ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে আসছেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই বিশ্বমঞ্চে খেতাব ধরে রাখার লড়াইয়ে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামীকাল মঙ্গলবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামার আগে আজ সোমবার বিকেলে এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে হাজির হচ্ছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি।

স্কালোনির সাথে আজ সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার একজন খেলোয়াড় উপস্থিত থাকবেন, যার নাম এখনো গোপন রাখা হয়েছে। তবে ফুটবল মহলে জোর গুঞ্জন, আজ কোচের পাশে বসতে পারেন খোদ অধিনায়ক লিওনেল মেসি। ২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচের আগে স্কালোনির সাথে সংবাদ সম্মেলনে এসেছিলেন মেসি। যদিও সেই ম্যাচ আর্জেন্টিনা হেরেছিল, কিন্তু শেষ পর্যন্ত ট্রফি জিতেছিল তারা। চার বছর পর সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে স্কালোনি কোনো লাকি টোটকা বা কুসংস্কারের পুনরাবৃত্তি করতে চান কি না, তা নিয়ে আগ্রহ সবার।

আর্জেন্টিনা শিবিরে একমাত্র নিশ্চিত দুঃসংবাদ হলো ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকোর ইনজুরি। বাঁ পায়ের কাফ ইনজুরির কারণে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে তিনি নিশ্চিতভাবেই থাকছেন না। কোচিং স্টাফ আশা করছে গ্রুপ ‘জে’ এর দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে তাকে পাওয়া যাবে, তবে তা সম্পূর্ণ নির্ভর করছে তার রিকভারির ওপর। তাগলিয়াফিকোর অনুপস্থিতিতে লেফট-ব্যাক পজিশনে কাকে খেলাবেন স্কালোনি, তা নিয়ে চলছে নানা পরীক্ষা-নিরীক্ষা।

গত কয়েক সপ্তাহের চোটের ধাক্কা সামলে আর্জেন্টিনা দল এখন মানসিকভাবে দারুণ চাঙ্গা। পোলিশ রেফারি সাইমন মার্চিনিয়াকের পরিচালনায় আগামীকাল আলজেরিয়ার মুখোমুখি হবে স্কালোনির দল। তার আগে আজকের সংবাদ সম্মেলনে কোচ নিজেই দল নিয়ে সব ধোঁয়াহা দূর করবেন।

মন্তব্য করুন