মাজারে হামলায় দোষীদের বিচারের দাবি জামায়াত নেতা সেলিম উদ্দিনের

প্রকাশ: সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ণ
মাজারে হামলায় দোষীদের বিচারের দাবি জামায়াত নেতা সেলিম উদ্দিনের

নিজস্ব প্রতিবেদক: দেশে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী পরিকল্পিতভাবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও মাজারে হামলা চালিয়ে তার দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর চাপানোর অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির ঢাকা মহানগরী উত্তরের আমির ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, “জামায়াতে ইসলামী সবসময় শান্তি, সম্প্রীতি ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।”

সোমবার (১৫ জুন) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত মিরপুর মাজার মসজিদের খতিব আব্দুল মোমেনকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা এবং দীর্ঘদিনের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার হীন উদ্দেশ্যেই মাজার ও ধর্মীয় উপাসনালয়ে এই ধরনের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটানো হচ্ছে। এসব নাশকতামূলক ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি। মাজার খতিবকে দেখার সময় উপস্থিত নেতারা আহত খতিবের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

মাজারে আহত খতিবকে দেখার পর সেলিম উদ্দিন মিরপুর-১৩ নম্বর এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল হান্নানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে যান। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের বীরত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, “তাদের এই মহান আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।” একই সঙ্গে তিনি অবিলম্বে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত সকল গণহত্যার সঙ্গে জড়িত অপরাধীদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করার দাবি জানান।

মন্তব্য করুন