জাতীয় ঈদগাহের সামনে থেকে দুই লাশ উদ্ধার
সকালবেলা প্রতিবেদক: রাজধানীর জাতীয় ঈদগাহের পাশ থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে একজনের বয়স আনুমানিক ৬৫ বছর এবং অপরজনের বয়স প্রায় ৪৫ বছর। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ সংলগ্ন এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, একটি লাশ শিক্ষা ভবনের বিপরীত পাশে সুপ্রিম কোর্টের পানির পাম্পের নিকট পড়ে ছিল। অন্য লাশটি জাতীয় ঈদগাহের প্রধান ফটকের উত্তর দিকে বটগাছ তলার ফুটপাত থেকে উদ্ধার করা হয়, যা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঠিক বিপরীত পাশে অবস্থিত।
স্থানীয় পথচারীদের মাধ্যমে সংবাদ পেয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (নিরস্ত্র) তৌফিক হাসান ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করেন। পরবর্তীতে দুপুর সাড়ে ১২টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বর্তমানে লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিতের লক্ষ্যে পুলিশ তদন্ত ও আইনি প্রক্রিয়া অব্যাহত রেখেছে।
এআইএল/সকালবেলা