জামায়াতের কারণে আওয়ামী লীগ মিছিলের সাহস পাচ্ছে: রাশেদ খাঁন

প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ণ
জামায়াতের কারণে আওয়ামী লীগ মিছিলের সাহস পাচ্ছে: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

রাজধানীতে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পেছনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রচ্ছন্ন যোগাযোগ ও পরোক্ষ আশকারা রয়েছে বলে কড়া অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সকালে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধনী আয়োজনে ঝিনাইদহ থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ এবং জেলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ বিস্ফোরক মন্তব্য করেন।

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিলের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন বলেন, “রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকার পরও ফ্যাসিবাদী আওয়ামী লীগ গুলশানের মতো গুরুত্বপূর্ণ এলাকায় বিক্ষোভ মিছিল করার দুঃসাহস দেখিয়েছে। জামায়াতে ইসলামীর সঙ্গে গোপনে যোগাযোগ রক্ষা করেই হয়তো তারা মাঠে নামার এই অপচেষ্টা চালিয়েছে। ইতিহাস সাক্ষী, ১৯৯৬ সালেও আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে জামায়াতে ইসলামী তৎকালীন গণতান্ত্রিক বিএনপি সরকারের বিরুদ্ধে ধ্বংসাত্মক আন্দোলন করেছিল। এবারও জামায়াতের নমনীয় ভূমিকার কারণেই গণহত্যাকারী আওয়ামী লীগ নতুন করে মাথাচাড়া দেওয়ার সাহস পাচ্ছে।”

জামায়াতের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানের কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, “জামায়াত নেতারা প্রকাশ্যে বলছেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে এলে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিতে চাই—এই দেশের মুক্তিকামী ও নির্যাতিত সাধারণ জনগণ খুনি আওয়ামী লীগের পুনর্বাসন বা রাজনীতি কোনোভাবেই আর মেনে নেবে না।”

ঐতিহাসিক আন্দোলনের ভূমিকা তুলে ধরে তিনি আরও বলেন, “১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান—সব বড় গণসংগ্রামেই রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছে বিএনপি। এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের অগণিত নেতাকর্মী নিজেদের বুকের তাজা রক্ত ও জীবন বিসর্জন দিয়েছেন। তাই বিএনপি সর্বদা ফ্যাসিবাদবিরোধী সকল গণতান্ত্রিক শক্তিকে এক কাতারে ঐক্যবদ্ধ রাখতে বদ্ধপরিকর। অথচ অত্যন্ত পরিতাপের বিষয় হলো, জামায়াতে ইসলামী ও এনসিপি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের মধ্যে একের পর এক ফাটল ও বিভক্তি সৃষ্টি করে চলেছে।”

এর আগে সকালে ঝিনাইদহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ সচেতনতামূলক এক বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন রাশেদ খাঁন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু ও আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্য করুন