সম্পত্তি হস্তান্তর বিল বাতিলের দাবি কওমি শিক্ষা বোর্ডের

প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ণ
সম্পত্তি হস্তান্তর বিল বাতিলের দাবি কওমি শিক্ষা বোর্ডের

সকালবেলা প্রতিবেদক: সংসদে সম্প্রতি পাস হওয়া ‘ভোগদখল রেখে সম্পত্তি হস্তান্তর বিল’ অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ। সংস্থাটির মতে, হেবা বা দানের মাধ্যমে হস্তান্তর করার পরও দাতার জীবদ্দশায় ভোগ ও দখলের অধিকার রাখার বিধান ইসলামি শরিয়াহর মূলনীতির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।

শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় এ দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।

সভায় শরিয়াহর বিধান তুলে ধরে বলা হয়, ইসলামি আইনে হেবা একটি পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র সম্পত্তি হস্তান্তর ব্যবস্থা। একবার হেবা সম্পন্ন হয়ে গেলে এর মালিকানা ও দখলের চূড়ান্ত সিদ্ধান্ত শরিয়াহর নির্ধারিত নিয়ম অনুসারেই পরিচালিত হয়।

বোর্ড সদস্যরা স্পষ্ট করেন যে, হেবা এবং মিরাস বা উত্তরাধিকারের বিধান কোনোভাবেই এক নয়। হেবা হচ্ছে জীবিত অবস্থায় সম্পত্তি হস্তান্তরের প্রক্রিয়া, আর মিরাস কার্যকর হয় ব্যক্তির মৃত্যুর পর। তাই এই দুই ব্যবস্থার মধ্যে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করে—এমন কোনো আইন প্রণয়ন করা সঙ্গত নয়।

পাস হওয়া সংশোধনীকে শরিয়াবিরোধী অভিহিত করে তা অবিলম্বে পুনর্বিবেচনা ও বাতিলের আহ্বান জানায় স্থায়ী কমিটি। পাশাপাশি মুসলিমদের হেবা, সম্পত্তি হস্তান্তর ও পারিবারিক আইন সম্পর্কিত যেকোনো সংশোধনীতে দেশের শীর্ষ আলেম-ওলামা ও শরিয়াহ বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণের জোর দাবি জানানো হয়।

সভায় হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমানসহ স্থায়ী কমিটির অন্যান্য শীর্ষ সদস্যরা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন