মণিরামপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
আব্দুল্লাহ আল মামুন, যশোর: ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে যশোরের মণিরামপুরে সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মণিরামপুর পৌরসভার যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে দেশব্যাপী শুরু হওয়া ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের ভার্চ্যুয়াল উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন স্থানীয় প্রশাসন ও সর্বস্তরের প্রতিনিধিরা।
মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। অনুষ্ঠানে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. ফায়াজ আহমেদ ফয়সাল, উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এআইএল/সকালবেলা