নিহত যুবদল নেতার পরিবারকে বাড়ি উপহার দেবেন প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিনিধি: পুলিশের গুলিতে নিহত ফেনীর যুবদল নেতা হারুন এবং কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত এক অসহায় পরিবারকে নতুন বাড়ি উপহার দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামীকাল রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ফেনীতে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভুক্তভোগী পরিবারগুলোর হাতে আনুষ্ঠানিকভাবে নতুন বাড়ির চাবি হস্তান্তর করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
শনিবার (১২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমেন মিথুন।
তিনি জানান, রোববার দুপুর ১২টায় ফেনী সদর উপজেলার ভোরবাজার এবং পরবর্তীতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার একতাবাজারে আয়োজিত পৃথক চাবি হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
এআইএল/সকালবেলা