ত্রিশালে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত
বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে বাসের ধাক্কায় মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজিরশিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাহিন্দ্রা ও চলন্ত সিএনজিচালিত অটোরিকশাকে ময়মনসিংহগামী ইউনাইটেড পরিবহনের একটি দ্রুতগতির বাস পিছন থেকে সজোড়ে ধাক্কা দেয়। পরবর্তীতে বাসটি অনিয়ন্ত্রিত হয়ে পাশের প্যাসিফিক আইডিয়াল হাই স্কুলের সীমানাপ্রাচীরে আঘাত করে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান।
বাসের যাত্রী ও উদ্ধারকারীরা জানান, চলন্ত অবস্থায় চালক হঠাৎ অসুস্থ বা অচেতন হয়ে পড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারায়। হেলপার চেষ্টা করেও দুর্ঘটনা এড়াতে পারেনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ত্রিশাল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
এআইএল/সকালবেলা