কটিয়াদীতে জামায়াতের দেওয়া সেলাই মেশিন ফেরত দিলেন বিএনপি নেতার স্ত্রী
মিজানুর রহমান (কটিয়াদী, কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতা মো. সাইফুল ইসলামের স্ত্রী ঝুমা আক্তারকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেওয়া একটি সেলাই মেশিন ফেরত নেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তর জামষাইট গ্রাম থেকে ইউনিয়ন জামায়াতের ওয়ার্ড সভাপতি মাওলানা মো. ইদ্রিস আলী সেলাই মেশিনটি ফেরত নেন।
জানা যায়, প্রয়াত সাইফুল ইসলাম বনগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুর পর পরিবারটিকে সহায়তায় বিএনপির পক্ষ থেকে আর্থিক সাহায্য ও নলকূপ স্থাপন করে দেওয়া হয়। তবে সম্প্রতি স্থানীয় জামায়াতের পক্ষ থেকে তাঁর স্ত্রীকে একটি সেলাই মেশিন দেওয়া হলে গণমাধ্যমে তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
ঝুমা আক্তার জানান, সেলাই মেশিনটি তাঁর স্বামীর বন্ধু ইদ্রিস আলীর ব্যক্তিগত উপহার মনে করে তিনি গ্রহণ করেছিলেন। পরবর্তীতে এটি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে জানতে পেরে বিব্রত হয়ে তিনি তা ফেরত দেন।
জামায়াত নেতা মাওলানা মো. ইদ্রিস আলী জানান, গণমাধ্যমে বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করায় পরিবারটি বিব্রতবোধ করায় সম্মান জানিয়ে উপহারটি ফেরত নেওয়া হয়েছে।
এআইএল/সকালবেলা