সাজেকে চাঁদের গাড়ি দুর্ঘটনায় আহত ১৩
মো. ইমরান হোসেন (বাঘাইছড়ি প্রতিনিধি): রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্র ভ্রমণ শেষে ফেরার পথে সিজকছড়া এলাকায় পর্যটকবাহী একটি 'চাঁদের গাড়ি' নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অন্তত ১৩ জন পর্যটক আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জ জেলার সিংগাইর এলাকা থেকে আসা একদল পর্যটক সাজেক ভ্রমণ শেষে রবিবার সকালে চাঁদের গাড়িযোগে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন। পথে সিজকছড়া এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়।
দুর্ঘটনার খবর পেয়ে বাঘাইহাট জোনের (১৪ ইবি) অধীন সাজেক টিওবি থেকে ট্যুরিস্ট এসকর্ট টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরবর্তীতে অন্য একটি গাড়িতে করে তাঁদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।
গুরুতর আহত দুজনের মধ্যে রয়েছেন মো. আজাহার মিয়া (৬০) ও শাহানারা আক্তার (৪৫)। অন্যান্য আহতদের মধ্যে আরিফুর রহমান, সোহরাব, নাসরিন, মো. শাহজাহান ও আশা নামের ১৩ বছরের এক কিশোরী রয়েছেন। দুর্ঘটনার পর গাড়িচালক সুখ কান্তি চাকমা পালিয়ে গেছেন বলে জানা গেছে।
এআইএল/সকালবেলা