মণিরামপুরে অবৈধ ট্রলির দাপট, শিশুদের নিরাপত্তা নিয়ে শঙ্কা
আব্দুল্লাহ আল মামুন (যশোর): যশোরের মণিরামপুর-রাজগঞ্জ সড়কের মান্দারতলা এলাকায় সড়কে পড়ে থাকা মাটির স্তূপ ও অবৈধ ট্রলির অবাধ চলাচলে চরম বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ার পাশাপাশি চরম ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। বিশেষ করে কোমলমতি শিশুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় অভিভাবকরা।
স্থানীয় অধিবাসীদের অভিযোগ, সড়কের ওপর ফেলে রাখা মাটির কারণে যানবাহন ও পথচারীদের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তার ওপর ঝুঁকিপূর্ণ ট্রলিগুলোর বেপরোয়া চলাচলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই নারী-পুরুষসহ সব বয়সী মানুষকে এই সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে।
সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছেন ছোট শিশুদের অভিভাবকরা। দুর্ঘটনার ভয়ে অনেকে শিশুদের ঘরের বাইরে পাঠাতেও সাহস পাচ্ছেন না। প্রশাসনের নজরদারির অভাব নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
দুর্ঘটনা এড়াতে সড়ক থেকে দ্রুত মাটি অপসারণ, অবৈধ ট্রলি চলাচল বন্ধ এবং নিয়মিত প্রশাসনিক তদারকি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।
এআইএল/সকালবেলা