সৌদির টাইফুন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুতির

প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ণ
সৌদির টাইফুন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুতির

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের কাছ থেকে কেনা সৌদি বিমান বাহিনীর একটি চার-প্রজন্মের ‘ইউরোফাইটার টাইফুন’ যুদ্ধবিমান ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতি সমর্থিত গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, যুদ্ধবিমানটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর বিমানটিতে আগুন ধরে যায়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

উল্লেখ্য, যুক্তরাজ্যের ‘প্রজেক্ট সালাম’ চুক্তির অধীনে প্রায় ৪৪৩ কোটি পাউন্ড ব্যয়ে ৭২টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান সৌদি আরবের কাছে বিক্রি করা হয়েছিল। হুতিদের এই দাবি সত্য প্রমাণিত হলে এটি হবে ইরানি তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে অত্যন্ত শক্তিশালী টাইফুন যুদ্ধবিমান ধ্বংস হওয়ার বিরল এক ঘটনা।

যুক্তরাজ্যের ব্রুনেল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক স্টিভেন ওয়াগনার জানান, ভিডিওতে দৃশ্যমান বিমানটিকে ইউরোফাইটার টাইফুন বলেই মনে হচ্ছে। তবে বিমানটি পুরোপুরি ধ্বংস হয়েছে কি না, সে বিষয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছেন তিনি। তিনি জানান, ইরানের তৈরি ভ্রাম্যমাণ মিসাইল সিস্টেম ব্যবহার করে হঠাৎ অতর্কিত হামলায় এ ধরনের ঘটনা ঘটাতে পারে হুতিরা।

এদিকে ইয়েমেনে সৌদি-সমর্থিত বাহিনী এবং হুতিদের মধ্যকার যুদ্ধ পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। সম্প্রতি হুতিরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের কেন্দ্রস্থল এডেনের আল-মাশিক প্রেসিডেন্ট ভবন লক্ষ্য করে পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই ঘটনায় দুজন নিরাপত্তাকর্মী নিহত হলেও প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা অলৌকিকভাবে রক্ষা পান।

উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে হুতি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে মক্কা ও মদিনা ব্যতীত পুরো সৌদি আরবের আকাশসীমা ও বিমানবন্দরগুলোকে অনিরাপদ ঘোষণা করেছেন। অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, হুতিরা বাইরের শক্তির সহায়তায় পাওয়া প্রযুক্তির ব্যবহারে মারাত্মক সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে।

এআইএল/সকালবেলা