লালমনিরহাটে শিশু হত্যা: বাবা ও ছেলে গ্রেপ্তার
প্রকাশ: বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভুট্টাক্ষেত থেকে এক শিশু কন্যার বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে নিহত শিশুর বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে আদিতমারী থানায় এই মামলাটি দায়ের করেন।
মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— রঞ্জিত চন্দ্র (৫৫) ও তার ছেলে বিধান চন্দ্র (২১)। আজ বুধবার (১৭ জুন) বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের রিমান্ড আবেদন করার প্রস্তুতি নিচ্ছে।
এর আগে গত সোমবার নিখোঁজ হওয়ার পরদিন গতকাল মঙ্গলবার একটি ভুট্টাক্ষেত থেকে ওই শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। উত্তেজিত জনতা অভিযুক্তদের পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বাঁধে। বিক্ষুব্ধ জনতার হামলায় ১৮ জন পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হন। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের গাড়িসহ প্রশাসনের ছয়টি গাড়ি ভাঙচুর করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। এদিকে, সরকারি কাজে বাধা, পুলিশ-প্রশাসনের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে।
লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “সরকারি কাজে বাধাদানকারী ও আইন নিজের হাতে তুলে নেওয়া মবকারীদের বিরুদ্ধে পুলিশের শক্ত অবস্থান থাকবে। ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুরো ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ও শান্ত রয়েছে।”
|