ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশিগঞ্জে পারিবারিক কলহের অবসান ঘটাতে স্ত্রীকে তালাক দিয়ে ১১ কেজি দুধ দিয়ে গোসল করেছেন ফরহাদ হোসেন (৪০) নামে এক যুবক।
মঙ্গলবার (২৮ এপ্রিল) এই ব্যতিক্রমী ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বগারচর ইউনিয়নের মরারপাড়া এলাকার সোবাহান আলীর ছেলে ফরহাদের সাথে দুই বছর আগে সূর্যনগর এলাকার সুমাইয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে নানা বিষয় নিয়ে কলহ ও বিবাদ লেগেই থাকত। ফরহাদের অভিযোগ, তার স্ত্রী অবাধ্য ছিলেন এবং তার আচরণে পরিবারে অশান্তি চরমে পৌঁছেছিল।
গত রবিবার রাতে স্থানীয় মাতাব্বর ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পর ফরহাদ হোসেন সবার সামনে তার স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন। বিচ্ছেদ সম্পন্ন হওয়ার পরই ফরহাদ ঘোষণা করেন, তিনি এই তিক্ত সম্পর্ক থেকে মুক্তি পেয়ে নিজেকে 'পবিত্র' করতে চান।
আনুষ্ঠানিকতা শেষে ফরহাদ তার নিজ বাড়িতে ১১ কেজি গরুর দুধ দিয়ে গোসল করেন। এই খবর ছড়িয়ে পড়লে উৎসুক গ্রামবাসী তার বাড়িতে ভিড় জমান। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ