জামালপুরে রোগীর শরীরে ভিন্ন গ্রুপের রক্ত প্রয়োগ: তদন্ত কমিটি গঠন

আমিরুল ইসলাম
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ণ
জামালপুরে রোগীর শরীরে ভিন্ন গ্রুপের রক্ত প্রয়োগ: তদন্ত কমিটি গঠন

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: জামালপুর জেনারেল হাসপাতালে কর্তব্যরত নার্সের চরম গাফিলতির কারণে আফসানা আক্তার (১৪) নামের এক কিশোরী রোগীর শরীরে ভিন্ন গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ভুক্তভোগী আফসানা আক্তার শেরপুরের আনিসুর রহমানের মেয়ে এবং নারায়ণগঞ্জের একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের পর মঙ্গলবার বিকেলে তাকে হাসপাতালের পোস্ট অপারেটিভ কক্ষে রাখা হয়েছিল। পরিবারের সদস্যদের দাবি, চিকিৎসকের কোনো নির্দেশনা না থাকা সত্ত্বেও এবং স্বজনদের বাধা উপেক্ষা করে নার্স আঁখি ‘এ’ নেগেটিভ রক্তধারী আফসানার শরীরে ‘ও’ পজেটিভ রক্ত প্রয়োগ করেন। প্রায় ২০ মিলিমিটার রক্ত শরীরে প্রবেশের পর বিষয়টি জানাজানি হলে তা বন্ধ করা হয়। জানা গেছে, ওই রক্তটি মূলত পাশের বিছানার এক সিজারিয়ান রোগীর জন্য আনা হয়েছিল।

রোগীর মা আঞ্জু আরা বেগম জানান, নার্সকে রক্তের বিষয়ে বারবার জিজ্ঞেস করা হলেও তিনি দুর্ব্যবহার করেন এবং জোরপূর্বক রক্ত দিতে শুরু করেন। বর্তমানে আফসানার শরীরে জ্বর ও বমিভাব রয়েছে। পরিবারের পক্ষ থেকে দায়িত্বরত নার্সের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত নার্স আঁখি গা ঢাকা দিয়েছেন।

জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাহফুজুর রহমান সোহান জানান, নার্সের গাফিলতির বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোসায়েদুল ইসলাম সুমনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট নার্সের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে রোগী চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে রয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন