দিল্লি চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ণ
দিল্লি চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

বিনোদন প্রতিবেদক: বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের মর্যাদাপূর্ণ ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন। আগামী ৪ থেকে ৮ মে অনুষ্ঠিতব্য ১৫তম ‘দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

ভারতের চলচ্চিত্র ও সম্প্রচার মন্ত্রণালয়ের অঙ্গ সংস্থা হিসেবে আয়োজিত এই উৎসবকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সম্মাননা প্রসঙ্গে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে রুনা লায়লা বলেন:

“মর্যাদাপূর্ণ ‘মিনার-এ-দিল্লি’ সম্মানে ভূষিত করার নিমন্ত্রণের জন্য দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। এর অপেক্ষায় রইলাম… দেখা হবে সেখানে!”

উৎসবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাম কিশোর পরচা এক চিঠিতে রুনা লায়লার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি উল্লেখ করেন, রুনা লায়লার সুমধুর কণ্ঠ বহু দশক ধরে ভারত ও বাংলাদেশের কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে এবং দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করেছে।

এবারের উৎসবটি অনুষ্ঠিত হবে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এবং ড. আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে। ১৫তম আসরের মূল ফোকাস থাকবে নারী ক্ষমতায়ন, সামাজিক ও শিশুবিষয়ক চলচ্চিত্র এবং নারী নির্মাতাদের উৎসাহ প্রদান।

উৎসবে রুনা লায়লা ছাড়াও উপমহাদেশের বহু তারকা অংশ নেবেন, যার মধ্যে রয়েছেন শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্ত, ঊষা উত্থুপ, রাজপাল যাদব ও রঘুবীর যাদবসহ আরও অনেকে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন