ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
খন্দকার শহীদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রক্তি নদীতে পানিতে ডুবে রাকিবুল হোসেন (২৬) নামে এক নৌকার কাঠমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করে।
বুধবার দুপুরে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর বাজার সংলগ্ন নৌকা ঘাট এলাকায় একটি পর্যটনবাহী হাউজবোটে কাঠের কাজ করছিলেন রাকিবুল। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি রক্তি নদীতে পড়ে যান এবং প্রবল স্রোতে তলিয়ে নিখোঁজ হন। স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধারের চেষ্টা চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। তাহিরপুরে নিজস্ব ডুবুরি দল না থাকায় সুনামগঞ্জ সদর থেকে ডুবুরি দল আসতে কিছুটা সময় লাগে। পরবর্তীতে বিকেলে ডুবুরি দল দীর্ঘ অনুসন্ধানের পর বিকেল সাড়ে ৫টার দিকে তার লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
নিহত রাকিবুল হোসেন মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার বালিগাঁও গ্রামের দিল মোহাম্মদের ছেলে। তিনি জীবিকার তাগিদে সুনামগঞ্জে এসে পর্যটনবাহী হাউজবোটগুলোতে কাঠের কাজ করতেন।
তাহিরপুর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রয়ন দে জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান পরিচালনা করে লাশ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই মর্মান্তিক ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ