পত্নীতলায় ফায়ারডিল-ভ্যানসহ আটক ১

আমিরুল ইসলাম
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ণ
পত্নীতলায় ফায়ারডিল-ভ্যানসহ আটক ১

মোঃ শাহারিয়ার (সোহেল), বিশেষ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত এক মাদকবিরোধী অভিযানে ৭০ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক ‘ফায়ারডিল’ (Fairdyl) উদ্ধার করা হয়েছে। এ সময় একটি অটো চার্জার ভ্যান জব্দসহ এক মাদক কারবারিকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানাধীন নজিপুর-সাপাহার রোডের নজিপুর পৌরসভাস্থ আত্রাই ব্রিজের পূর্ব পাশে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় একটি সন্দেহভাজন অটো চার্জার ভ্যান থামিয়ে তল্লাশিকালে চালকের সিটের নিচে লুকানো অবস্থায় ৭০ বোতল ফায়ারডিল সিরাপ উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন পত্নীতলা উপজেলার পাইকড় গ্রামের মৃত বিসু সরদারের ছেলে মো. নজরুল (৫৬)। পুলিশ জানায়, উদ্ধারকৃত প্রতিটি বোতলের আনুমানিক মূল্য ৩,০০০ টাকা হিসেবে মোট ২ লক্ষ ১০ হাজার টাকার মাদক জব্দ করা হয়েছে। একই সাথে মাদক বহনে ব্যবহৃত অটো চার্জার ভ্যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পত্নীতলা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে এই জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন