ছেলের মৃত্যুর খবর পেয়ে মারা গেলেন বাবাও

প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ণ
ছেলের মৃত্যুর খবর পেয়ে মারা গেলেন বাবাও

বিশেষ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে বাবারও মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বাদ জোহর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পারিবারিক গোরস্থানে বাবা-ছেলের জানাজা ও দাফন সম্পন্ন হয়। এর আগে রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রাম এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাউন্ড সিস্টেমকর্মী মাসুক আহমদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে হাসপাতালে ছেলের মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছামাত্রই বাবা আব্দুল লতিফ হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয় এবং সোমবার দুপুরে পাশাপাশি কবরে বাবা-ছেলেকে দাফন করা হয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন