এনইসির সভাপতি শফিক রেহমান, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান
বিশেষ প্রতিনিধি: ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) প্রথম সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ‘যায়যায়দিন’ সম্পাদক শফিক রেহমান সভাপতি এবং ‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া ‘ওয়াদা’ সম্পাদক শফিকুল আলম কোষাধ্যক্ষ নির্বাচিত হন।
সোমবার (৩১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ২৯টি দৈনিক পত্রিকার সম্পাদকদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের উপস্থাপিত খসড়া গঠনতন্ত্র কিছু সংশোধনীসহ আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়।
শফিক রেহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় সম্পাদকরা সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং ফ্যাসিবাদের সময়ে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তর আলোচনা করেন।
সভায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, শত শত শহীদের আত্মত্যাগের বিনিময়ে দেশে সংবাদপত্রের স্বাধীনতা ফিরে এসেছে। বিগত সময়ে চাটুকারিতার মাধ্যমে যারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিল, তাদের জবাবদিহির মুখোমুখি দাঁড় করানোর এখনই সময়।
যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকদার বলেন, গত ১৭ বছরে সাংবাদিকতায় চরম বিপর্যয় নেমে এসেছিল। এই অবস্থা থেকে উত্তরণে সাংবাদিকদের এখন প্রশংসার বদলে সত্য ও বস্তুনিষ্ঠ প্রশ্ন তুলতে হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে প্রতিবছর সাংবাদিকতায় ‘নজরুল পদক’ প্রদানের প্রস্তাব দেন তিনি, যা সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সভাপতির বক্তব্যে শফিক রেহমান বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় আরও বক্তব্য দেন নয়া দিগন্ত সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান, নিউ নেশন সম্পাদক মোকাররম হোসেন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক লোটন একরামসহ সারা দেশের বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় পত্রিকার সম্পাদকবৃন্দ।
এআইএল/সকালবেলা