খুলনায় ওয়ার্ড তাঁতীদল সভাপতিকে কুপিয়ে হত্যা

খুলনায় ওয়ার্ড তাঁতীদল সভাপতিকে কুপিয়ে হত্যা

সরদার সাইদী হাসান বাবু, খুলনা: খুলনার খালিশপুরে সোনা মিয়া (৫৫) নামে এক স্থানীয় নেতা ও চা দোকানদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১টার দিকে খালিশপুর থানার নয়াবাটি এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

নিহত সোনা মিয়া খালিশপুর ১০ নম্বর ওয়ার্ড তাঁতী দলের সভাপতি ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত পৌনে ১টার দিকে সোনা মিয়া তার চা দোকানে বসে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে আসা তিন যুবক অতর্কিতভাবে তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। সোনা মিয়া মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "নিহতের লাশ বর্তমানে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে অভিযান শুরু করেছে।"

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, স্থানীয় কোনো বিরোধ বা পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

এদিকে, সোনা মিয়ার মতো একজন শান্ত স্বভাবের মানুষকে এভাবে প্রকাশ্য দিবালোকে হত্যার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন