ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজেস্ব প্রতিবেদক, ঢাকা: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিমকে অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এই রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৭ নভেম্বর রাজধানীর আদাবর থানার বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি বাসায় অভিযান চালিয়ে র্যাব-২ ফয়সাল করিমকে গ্রেপ্তার করে। সেই সময় তার ফ্ল্যাট থেকে দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও বেশ কিছু গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের কোনো বৈধ নথিপত্র দেখাতে না পারায় তার বিরুদ্ধে আদাবর থানায় ১৮৭৮ সালের দি আর্মস অ্যাক্ট বা অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। মামলার পরে গত বছরের ২৮ মার্চ আদাবর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে আজ আদালত তাকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেন।
ওসমান হাদি হত্যাকাণ্ড উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর বিজয় নগর বক্স কালভার্ট এলাকায় জুমার নামাজের পর প্রকাশ্য দিবালোকে গুলি করা হয়েছিল শরীফ ওসমান হাদিকে। পরে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় ফয়সাল করিম মাসুদকে প্রধান আসামি করে মামলা করা হয়। হত্যাকাণ্ডের পর ফয়সাল অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যান। গত মার্চ মাসে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে ভারতীয় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) তাকে গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়ায় তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
আই.এ/সকালবেলা
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ