বাসের ভাড়া ডিজিটাল ডিসপ্লেতে প্রদর্শন করা হবে: সংসদে মন্ত্রী

বাসের ভাড়া ডিজিটাল ডিসপ্লেতে প্রদর্শন করা হবে: সংসদে মন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক, ঢাকা: শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন করা হবে এবং ভাড়ার তালিকা গণপরিবহনের অভ্যন্তরে ডিজিটাল ডিসপ্লেতে প্রদর্শন করার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিনে টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নোত্তরে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদের এ অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী প্রতিটি মহানগর ও জেলায় পরিবহন কমিটি গঠন এবং রাস্তার ধারণক্ষমতা অনুযায়ী যানবাহনের সংখ্যা ও রুট পারমিট নির্ধারণ করা হয়। মন্ত্রী আরও বলেন, ভাড়ার তালিকা বিআরটিএ-এর ওয়েবসাইটে প্রকাশের পাশাপাশি পরিবহনের অভ্যন্তরে দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশনা রয়েছে। বর্তমানে নন-এসি বাসের তালিকা থাকলেও শিগগিরই এসি বাসের জন্য তালিকা ও ডিজিটাল ডিসপ্লে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ কোচ একই দিনে রেলপথ মন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম জানান, ভারত থেকে ২০০টি ব্রডগেজ কোচ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হতে যাচ্ছে। ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে এসব কোচ সরবরাহ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লার প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে এই সংগ্রহের কার্যক্রম চলমান। কোচগুলো পাওয়া সাপেক্ষে ঢাকা-কমলাপুর থেকে ফরিদপুর-রাজবাড়ি হয়ে গোপালগঞ্জ পর্যন্ত নতুন ট্রেন পরিচালনার পরিকল্পনা করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে ইঞ্জিন, কোচ ও ক্রুর সংকটের কারণে পশ্চিমাঞ্চলে ১৯টি মেইল ও ২১টি লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে কোচ সরবরাহ বাড়লে নতুন ট্রেন পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন