ভাঙ্গায় প্রতিপক্ষের হামলায় আহত ৬
আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দী পশ্চিমপাড়া গ্রামে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জানা যায়, এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রতিবেশীদের সঙ্গে ভুক্তভোগীদের বিরোধ চলছিল। গত ৪ আগস্ট বিকেলে লাইজু বেগম রেললাইনের পাশে পাট নাড়ানোর সময় ইটের আঘাতে আহত হন। তাঁকে বাড়িতে নেওয়ার পথে প্রতিপক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে ইউসুফ বেপারীর মাথায় ধারালো অস্ত্রের আঘাত লাগে এবং আলামিন বেপারীসহ অন্যদের লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে মারধর করা হয়। এ সময় তাঁদের রক্ষায় এগিয়ে এলে আছিয়া বেগম, মিনু বেগম ও ইশিতা আক্তার আহত হন।
ঘটনায় হেলু বেপারী, দেলু বেপারী, ফারুক বেপারীসহ ৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ জমা পড়েছে। ভুক্তভোগী আছিয়া বেগম জানান, পূর্ব শত্রুতার জেরে তাঁদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে প্রতিপক্ষ।
ভাঙ্গা থানার এসআই মিজানুর রহমান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযুক্ত পক্ষের বক্তব্য মেলেনি।
এআইএল/সকালবেলা
|