হাসিমুখে স্কুলে যাওয়া শিশু ফিরল নিথর দেহে

প্রকাশ: মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ণ
হাসিমুখে স্কুলে যাওয়া শিশু ফিরল নিথর দেহে

মোঃ শরীফ উদ্দিন (নাসিরনগর প্রতিনিধি): সকালে হাসিমুখে স্কুলে গিয়েছিল ৯ বছরের শিশুকন্যা কুলসুমা। সহপাঠীদের সঙ্গে প্রাঙ্গণে খেলাধুলা ও টিউবওয়েলের পানি পান শেষ করে ক্লাসে ফেরার পথেই থমকে গেল তার জীবনের গতি। ভবনের দোতলায় ওঠার সিঁড়িতে হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে দ্বিতীয় শ্রেণির এই শিক্ষার্থী।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নাসিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। নিহত কুলসুমা ওই এলাকার প্রবাসী জয়নাল মিয়ার মেয়ে এবং বিদ্যালয়টির দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

পারিবারিক ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবে নাস্তা সেরে হাসিমুখে স্কুলে রওয়ানা হয় কুলসুমা। বিদ্যালয়ে পৌঁছে সহপাঠীদের সঙ্গে প্রতিদিনের মতো খেলাধুলায় মেতে ওঠে। একপর্যায়ে ক্লাসে অংশ নিতে ভবনের দোতলায় ওঠার সময় সিঁড়িতে সে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে শিক্ষক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে ঠিক কী কারণে শিশুটির আকস্মিক মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি চিকিৎসকরা। প্রিয় সহপাঠীর এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে সহপাঠী ও শিক্ষকদের চোখের জলে ভারী হয়ে উঠেছে বিদ্যালয় প্রাঙ্গণ। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে চলছে হৃদয়বিদারক আহাজারি। কুলসুমার মৃত্যুতে পুরো নাসিরপুর গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

এআইএল/সকালবেলা