মাদকাসক্ত ছেলের হামলায় বাবা নিহত, অভিযুক্ত আটক

প্রকাশ: মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ণ
মাদকাসক্ত ছেলের হামলায় বাবা নিহত, অভিযুক্ত আটক

বিশেষ প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ক্যানসার আক্রান্ত শয্যাশায়ী বাবাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ইয়াফিনকে (১৮) পুলিশ আটক করেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের আন্দাবাড়ী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাহাবউদ্দিন মিয়া (৬০) ওই গ্রামেরই বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইয়াফিন দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত এবং প্রায়ই অনিয়ন্ত্রিত আচরণ করতেন। মঙ্গলবার দুপুরে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে অবস্থানকালে বাবা সাহাবউদ্দিন মিয়ার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে ইয়াফিন ধারালো অস্ত্র দিয়ে ক্যানসার আক্রান্ত বাবার ওপর অতর্কিত হামলা চালান। এতে ঘটনাস্থলেই প্রবীণ ওই ব্যক্তির মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হলে স্থানীয়রা পুলিশে খবর দেয় এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত সাহাবউদ্দিন দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। প্রাথমিক তথ্যানুযায়ী, অভিযুক্ত ইয়াফিন মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন। তবে হামলার প্রকৃত কারণ ও সুনির্দিষ্ট পরিস্থিতি পুলিশ তদন্ত করে দেখছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এআইএল/সকালবেলা