লালমনিরহাটে অনলাইন জুয়া ও অবৈধ সিম চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

লালমনিরহাটে অনলাইন জুয়া ও অবৈধ সিম চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

মানজুরুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে অনলাইন জুয়া পরিচালনা এবং অন্যের জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত অবৈধ সিম বিক্রির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে কালীগঞ্জের উত্তর বত্রিশ হাজারী গ্রামে বাদশা মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে অনলাইন জুয়া পরিচালনা ও অবৈধ সিম বিক্রির অভিযোগে নাজমুল ইসলাম (২১), রফিকুল ইসলাম আকাশ (২০) ও মেহেদী হাসান (১৯) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লতাবর ঢাকাইয়া টারী এলাকায় দ্বিতীয় দফা অভিযান চালিয়ে আফছার আলী (২৩) ও আশরাফুল ইসলাম ওরফে আরিফুল (২৪) নামে আরও দুজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জুয়া পরিচালনা ও অবৈধ লেনদেনে ব্যবহৃত ৬টি স্মার্টফোন এবং ৮২টি অবৈধ সিম কার্ড জব্দ করা হয়েছে। জব্দকৃত মোবাইল ফোনগুলোতে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ইনস্টল করা ছিল। এছাড়া সিম কার্ডগুলোর সঙ্গে নগদ ও বিকাশ হিসাব সংযুক্ত থাকার তথ্য পাওয়া গেছে, যা দিয়ে তারা অবৈধ আর্থিক লেনদেন করত।

লালমনিরহাট ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশের আওতায় কালীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে অনলাইন জুয়া ও অবৈধ সিম বাণিজ্যের বিরুদ্ধে এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে ডিবি কর্মকর্তারা জানান।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন