দিনাজপুরে আমের বাম্পার ফলনের সম্ভাবনা: বাগান পরিচর্যায় ব্যস্ত চাষিরা

দিনাজপুরে আমের বাম্পার ফলনের সম্ভাবনা: বাগান পরিচর্যায় ব্যস্ত চাষিরা

তাজুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের আম বাগানগুলোতে মুকুলের মৌ-মৌ গন্ধে ভরে উঠেছে চারপাশ। চাষিদের আশা, প্রাকৃতিক দুর্যোগের কবলে না পড়লে এবার আমের বাম্পার ফলন হবে। কৃষি বিভাগ জানিয়েছে, শেষ মাঘে যেসব গাছে মুকুল আসে, সেগুলো বেশি স্থায়ী হয়।

দিনাজপুরে নাগ ফজলি, ব্যানানা, কাটিমন, মিশ্রিভোগ, ফজলি, ল্যাংড়া, হাঁড়িভাঙ্গা, রুপালি, হিমসাগর, গোপালভোগ, বারি-৪ ও গৌড়মতিসহ বিভিন্ন জাতের আম চাষ হয়। বর্তমানে বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন মালিক ও ব্যবসায়ীরা। মুকুল যেন ঝরে না পড়ে এবং আমের ভালো রঙ ও ফলন পাওয়া যায়, সেজন্য নিয়মিত স্প্রে ও সেচ দেওয়া হচ্ছে।

স্থানীয় আম চাষিরা জানান, এবার কিছুটা আগেভাগেই মুকুল আসতে শুরু করেছে। বাগানে মুকুল আসার সাথে সাথেই রংপুর, চট্টগ্রাম ও ঢাকাসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা বাগান আগাম কেনার জন্য ভিড় করছেন। দিনাজপুর শহরের চাষি আমিনুল বলেন, "গাছের বয়স ১২-১৫ বছর হবে। গত দুই বছর ধরে আগাম মুকুল আসছে। মুকুল টিকে থাকলে এবার আশানুরূপ ফলন পাব।"

দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলায় প্রায় ৫ হাজার ৭০০ হেক্টর জমিতে আম চাষ হয়ে থাকে। আবহাওয়া ও জাতের কারণে নির্ধারিত সময়ের আগেই অনেক বাগানে মুকুল এসেছে। আবহাওয়া অনুকূলে থাকলে জেলায় এবার আমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে আম চাষ করলে কৃষকরা ব্যাপক লাভবান হবেন বলে জানান কৃষি কর্মকর্তারা।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন