খুলনায় উদ্ধার বস্তাবন্দি লাশের পরিচয় মিলেছে
সরদার সাইদী হাসান বাবু, খুলনা ব্যুরো: খুলনার নিরালা প্রান্তিকা এলাকা থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি অজ্ঞাত সেই কিশোরীর মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি খুলনা ইকবালনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আরফানা হোসেন নির্জনা (১৬)। নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাশের ছবি ও খবর দেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে নিজের মেয়ের মরদেহ শনাক্ত করেন মা আরিফা ইয়াসমিন সীমা। এ সময় মর্গে মেয়ের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। নিহত নির্জনা সোনাডাঙ্গা মডেল থানার বসুপাড়া বাঁশতলা এলাকার বাসিন্দা মো. আলীম হোসেন আকাশের মেয়ে।
ঘটনার সূত্র ধরে জানা যায়, গত বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের একটি সাততলা ভবনের সামনে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা দেখতে পান স্থানীয়রা। সন্দেহ হলে তারা বস্তাটি খুলে এক নারীর লাশ দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে সোনাডাঙ্গা থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, মরদেহটি দীর্ঘক্ষণ প্লাস্টিকের বস্তার মধ্যে শক্ত করে বাঁধা অবস্থায় থাকায় কিছুটা ক্ষতবিক্ষত ও বিকৃত হয়ে গিয়েছিল। যার ফলে প্রথমাবস্থায় এর পরিচয় শনাক্ত করতে পুলিশকে বেশ বেগ পেতে হয়। তবে ছবি ও তথ্য ফেসবুকে ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্যরা মর্গে এসে আরফানার পরিচয় নিশ্চিত করেন।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন ও এই নৃশংস ঘটনার সাথে জড়িত খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন আসার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে নিহত নির্জনার পিতা মো. আলীম হোসেন আকাশ জানান, তার মেয়ে গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় তাকে খুঁজছিলেন। হঠাৎ মেয়ের এমন নৃশংস মৃত্যুর খবর শুনে তারা স্তব্ধ হয়ে গেছেন। তিনি প্রশাসনের কাছে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এআইএল/সকালবেলা
|