চকরিয়ায় বন্যার পানিতে নৌকাডুবি, দুই বোনের মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ণ
চকরিয়ায় বন্যার পানিতে নৌকাডুবি, দুই বোনের মৃত্যু

ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকায় বন্যার পানিতে নৌকা ডুবে হাসনাতুল জন্নাত ঝর্ণা (১২) ও জেরিন (৭) নামে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১০ জুলাই) দুপুরে এই নৌকাডুবির ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রায় ছয় ঘণ্টার উদ্ধার অভিযান শেষে ঝর্ণার লাশ উদ্ধার করা হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছোটবোন জেরিন।

নিহত ঝর্ণা ও জেরিন ওই এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুল মালেকের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে শুক্রবার সকালে আব্দুল মালেকের বসতবাড়ি বন্যার পানিতে ডুবে যায়। এরপর ঘর থেকে নৌকাযোগে পারাপার হয়ে তিন বোন পাশের একটি উঁচু নিরাপদ জায়গায় যাচ্ছিল। এ সময় বন্যার পানির প্রবল স্রোতে তাদের বহনকারী নৌকাটি উল্টে যায়। এতে ঝর্ণাসহ তার বাকি দুই বোন সাওরিন মনি ও জেরিন পানিতে তলিয়ে যায়।

ঘটনা দেখে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে সাওরিন ও জেরিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে ঝর্ণা স্রোতের তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের একটি চৌকস উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে টানা প্রায় ছয় ঘণ্টা উদ্ধার অভিযান চালায়। পরে দুপুর ২টার দিকে ঘটনাস্থলের কিছু দূর থেকে ঝর্ণার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অন্যদিকে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে ছোটবোন জেরিনও শেষ নিঃশ্বাস ত্যাগ করে বলে জানান বাবা আব্দুল মালেক।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বন্যার পানিতে পারাপারের সময় প্রবল স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়। দুই শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও শেষ পর্যন্ত ঝর্ণা ও জেরিনকে বাঁচানো গেল না। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় পরিবারটির মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন