শেখ হাসিনা বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে যাবেন: সারজিস

প্রকাশ: সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ণ
শেখ হাসিনা বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে যাবেন: সারজিস

ঝালকাঠি প্রতিনিধি: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে বিমানবন্দর থেকেই ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ঝালকাঠি শহরের একটি পার্টি সেন্টারে জেলা এনসিপি আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালার পূর্বে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের ক্ষত আজও শুকায়নি। শেখ হাসিনা ফিরলে ওই পরিবারগুলোই তাঁকে ফাঁসির কাষ্ঠে নেওয়ার জন্য যথেষ্ট হবে। এ ছাড়া তিনি সরকারের ফ্যামিলি কার্ড প্রকল্পের তীব্র সমালোচনা করে বলেন, কার্ড তৈরির নামে ২৪২ কোটি টাকা অপচয় করা হয়েছে। পাশাপাশি বর্তমান ক্ষমতাসীন সরকারের শাসন পরিচালনায় নীতিগত প্রস্তুতিহীনতার কারণে দেশে সংকট ঘনীভূত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন