ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পঙ্কজ সরকার নয়ন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে অটোরিকশা চালক অমৃত চন্দ্র সরকার (আশিক) হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রিয়াদুল ইসলামের নেতৃত্বে গাজীপুরের কালিয়াকৈর এবং ঢাকা মহানগরীর তুরাগ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফেটালিয়া এলাকার সেলিম মিয়া (২৩), ঢাকার তুরাগ এলাকার মো. আলামিন (২৬) এবং শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মো. ছাইফুল ইসলাম (৩৬)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত অটোরিকশা, ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে।
ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি বিকেলে কালীগঞ্জের রাথুরা এলাকা থেকে নিজের ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন আশিক। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খুঁজেও তাঁর কোনো সন্ধান পাননি এবং তাঁর মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছিল। পরবর্তীতে ২১ ফেব্রুয়ারি বিকেলে মোক্তারপুর মৌজায় শীতলক্ষ্যা নদীর তীরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। স্বজনরা সেখানে গিয়ে মরদেহটি নিখোঁজ আশিকের বলে শনাক্ত করেন।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, অটোরিকশা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই আশিককে হত্যা করে মরদেহ গুম করার জন্য নদীতে ফেলে দেওয়া হয়েছিল। এই ঘটনায় গত ২২ ফেব্রুয়ারি কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা (মামলা নং-২১) রুজু করা হয়। আসামিদের ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে। মেধাবী ও পরিশ্রমী এই চালকের হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ