ইমামের ঘরে ডাকাতি: ৭ লাখ টাকার মালামাল লুট
মোঃ শরীফ উদ্দিন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের উড়িয়াইন গ্রামে গভীর রাতে এক ইমামের বসতঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল ঘরের তালা ভেঙে নগদ আড়াই লাখ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
আজ বুধবার (২২ জুলাই ২০২৬) শেষ রাতে এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী মাওলানা হাবিবুর রহমান স্থানীয় একটি মসজিদে ইমামতি করেন।
ভুক্তভোগী মাওলানা হাবিবুর রহমান জানান, ঘটনার সময় তাঁর পরিবারের সদস্যরা শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন এবং তিনি নিজে কর্মস্থলে ছিলেন। খালি ঘরের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা ঘরের নগদ আড়াই লাখ টাকা, মূল্যবান স্বর্ণালঙ্কার, ব্যবহৃত কাপড়-চোপড়, ঘরের ফ্যান এবং ফ্রিজে থাকা মাছ-মাংস পর্যন্ত লুট করে নিয়ে গেছে।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "মানুষের বসতবাড়ির নিরাপত্তা আজ কোথায়? নগদ টাকাসহ প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে আমার। প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারের ব্যবস্থা করা হোক।"
এদিকে বসতঘরে এমন চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী অবিলম্বে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং রাতে পুলিশের টহল জোরদার করার দাবি জানিয়েছেন।
এআইএল/সকালবেলা
|