চেয়ারম্যানের অপসারণের দাবিতে ইউপি সদস্যদের অভিযোগ দায়ের

প্রকাশ: বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ণ
চেয়ারম্যানের অপসারণের দাবিতে ইউপি সদস্যদের অভিযোগ দায়ের

জলিলুর রহমান জনি, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৪ নম্বর ঘুড়কা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওশের আলীর বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে ৩০ শতাংশ হারে চাঁদা আদায়, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণ দাবি করেছেন পরিষদের ৯ জন সদস্য। এ ঘটনায় জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া অভিযোগপত্রে ইউপি সদস্যরা দাবি করেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় কয়েকজন নেতাকে ৫ থেকে ৬ লাখ টাকা দিয়ে নওশের আলী বেআইনিভাবে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি পরিষদের বরাদ্দকৃত প্রকল্পে ৩০ শতাংশ কমিশন দাবি করছেন। অর্থ দিতে অস্বীকার করলে ইউপি সদস্যদের ভবিষ্যৎ প্রকল্প না দেওয়া এবং বিভিন্নভাবে হুমকির মুখোমুখি হতে হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, উন্নয়ন তহবিলের ১ শতাংশের অর্থ কোনোরূপ হিসাব না দিয়ে আত্মসাৎ করা হয়েছে। তাছাড়া ইউপির নিয়মিত সভা না ডেকে ভুয়া ভাউচারে টাকা উত্তোলন, গর্ভবতী ভাতার কার্ডের নামে ৫ থেকে ৮ হাজার টাকা করে উৎকোচ গ্রহণ, গ্রাম আদালতের বিচারিক কাজে অর্থ বাণিজ্য এবং ওয়ারিশান সনদ প্রদানে অতিরিক্ত টাকা আদায়সহ সার্বিক উন্নয়নকাজে ব্যাপক অনিয়ম চালানো হচ্ছে।

তবে অভিযোগ অস্বীকার করে প্যানেল চেয়ারম্যান নওশের আলী জানান, "আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সব কাজে ইউপি সদস্যদের ডাকতে হবে—এমন কোনো নিয়ম নেই।"

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল খালেক পাটোয়ারী জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন